গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে শিশু চুরি, আটক ৪

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৫:৫৪

বাগেরহাটের মোরেলগঞ্জে জানালার গ্রিল খুলে মা-বাবার কোল হতে আড়াই মাসের অসুস্থ শিশু চুরি চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে থানা পুলিশ নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে হৃদয় চাপরাশীর বাড়িতে অভিযান চালিয়ে শিশু আব্দুল্লাহর সঙ্গে চুরি করে নেওয়া মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করেছে।

পুলিশের অভিযান টের পেয়ে মোয়াজ্জেম চাপরাশীর ছেলে মূল হোতা হৃদয় চাপরাশী শিশুটিকে নিয়ে পালিয়ে গেলেও পুলিশ তার মা নাছিমা বেগম (৫২) ও বোন আবির আক্তারকে (১৪) আটক করে। 

হৃদয়ের মা চুরির ঘটনা স্বীকার করে জানান, ‌রবিবার ভোরে হৃদয় ওই শিশুটিকে নিয়ে অজ্ঞান অবস্থায় তার কাছে দেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার কাছেই অজ্ঞান অবস্থায় ছিল শিশুটি। পরে হৃদয় শিশুটিকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। 

এ সময় পুলিশ হৃদয় চাপরাশীর সুসজ্জিত কক্ষের মাটি খুড়ে চেতনা নাশক স্প্রে, গ্যাস কাটার, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, গ্যাস সিলিন্ডারসহ চুরির কাজে ব্যবহৃত অনেক মালামাল উদ্ধার করেছে। পরে পুলিশ এ চক্রের সদস্য হৃদয়ের চাচাতো ভাই সোবাহান চাপরাশীর ছেলে মহিউদ্দিন চাপরাশী (৩৫) ওরশিদ চাপরাশীর ছেলে ফায়জুল চাপরাশীকে (২৫) আটক করে।

আরও পড়ুন: সিরিয়ায় ৩ হাজার আইএস জিহাদির আত্মসমর্পণ

ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ‘শিশু আব্দুল্লাহকে চুরির সঙ্গে জড়িত কয়েকজন ধরা পড়েছে। মুল চক্র ও তাদের আখড়া আবিষ্কার হয়েছে। তবে এ ঘটনার মূল নায়ক, হৃদয় চাপরাশী ও চুরি হওয়া শিশুটিকে এখনো পাওয়া যায়নি, অভিযান অব্যাহত আছে।’

ইত্তেফাক/কেকে