কলেজ শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান শিক্ষাসচিবের

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৬:২০
 
দাবি বিবেচনার আশ্বাস দিয়ে লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন।
 
বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আন্দোলনরত কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক নাসরীন বেগম ও মহাসচিব আইকে সেলিম উল্লাহ খোন্দকার শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান শিক্ষাসচিব।
 
বৈঠকের পর অধ্যাপক নাসরীন বেগম জানান, শিক্ষাসচিব তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। দাবির বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান অধ্যাপক নাসরীন।
তিনি বলেন, বিকেলে সমিতির সাধারণ সভায় পরবর্তী আন্দোলন কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
 
এদিকে অষ্টম জাতীয় বেতন কাঠামোতে ‘বৈষম্য’ নিরসনের দাবিতে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি কলেজের শিক্ষক।