ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে।
বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চে আজ বুধবার এই শুনানি চলে। শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল শেখ একে এম মনিরুজ্জামান কবির শুনানি করেন। তিনি জানান, আগামীকাল এ মামলার শুনানি শেষ হতে পারে।
২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী গ্রেনেড হামলার শিকার হন। হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
