ছয় বছর পর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ‘মনপুরা’র ‘পরী’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। রাফি মুহাম্মদের নির্দেশনায় শ্রীলঙ্কান কোম্পানির ‘মিল্কাস বিস্কুট’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। গত সপ্তাহে রাজধানীর একটি শুটিং হাউসে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘রাফি মুহাম্মদ আমার সহপাঠী। তার বিজ্ঞাপনের কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া নির্মাতার পূর্বের কাজগুলো সম্পর্কে আমি অবগত। তাই সব জেনে বুঝেই কাজটি করেছি এবং কাজটি করে তৃপ্ত, মুগ্ধ। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ পরিচালক রাফি মুহাম্মদ জানান, শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
ছোটবেলায় তারিক আনাম খানের নির্দেশনায় পেপসির বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ফারহানা মিলি। এরপর বড় হয়ে অমিতাভ রেজার নির্দেশনায় ‘সোহাগ চেয়ার কোচ বাস’, ‘একটেল’, তারিক আনাম খানের ‘গ্রামীণফোন’-এর বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছিলেন।
বর্তমানে ফারহানা মিলি অভিনীত ধারাবাহিক নাটক নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘বাক্সবন্দী’ এনটিভিতে, অরণ্য আনোয়ারের ‘দহন’ এটিএন বাংলায়, আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’ আরটিভিতে প্রচার হচ্ছে; আর আসছে ফেব্রুয়ারিতে এনটিভিতে প্রচার শুরু হবে ফরিদের ‘পাগলা হাওয়ার দিন’।
