ভিন্নধর্মী গল্প নিয়ে দেবাশীষ বড়ুয়া দীপ এবার নির্মাণ করলেন একখণ্ডের নাটক ‘কিছু ভুল আর কিছু কষ্ট’। আহসান আলমগীরের রচনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শখ, নিলয়, রোজালিন প্রমুখ। সম্প্রতি উত্তরা ও রাজধানীর বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন অজেয় চৌধুরী
নাটকের গল্পে দেখা যাবে, মনোচিকিত্সক আবুল হায়াতের পুত্র ও পুত্রবধূ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে একমাত্র নাতনি রোজানকে তিনিই দেখাশোনা করেন। তিনি ইদানীং লক্ষ করছেন, তার কাছে যেসব পেশেন্ট আসছে, তাদের বৃহত্ একটা অংশ তরুণ-তরুণী। এদের প্রায় সবার মেন্টাল প্রবলেমের কারণ রিলেশনশিপ, প্রতারণা। আবার ঘটনার গভীরে গেলে যেটি বেরিয়ে আসে, এদের অনেকেরই রিলেশনের মাধ্যম ফেসবুক। এই উপলব্ধি থেকে আবুল হায়াত্ কোনোভাবেই চাচ্ছিলেন না তার নাতনি ফেসবুক ইউজ করুক। কিন্তু নাতনি গোপনে গোপনে ঠিকই ফেসবুক ইউজ করে চলেছে। অবশেষে আবুল হায়াত্ সিদ্ধান্ত নিলেন, একটা ফেক আইডি খুলে নাতনির সঙ্গে প্রতারণা করে প্রমাণ করবেন, নাতনি ফেসবুক ইউজ করে ভুল করছে। তিনি ফেক আইডির প্রোফাইল পিকচারে ইউজ করলেন নিলয়ের ছবি। একদিন মুখোমুখি নিলয় ও নাতনি রোজান। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। রোজান যখন জানতে পারল সে ভালোবেসে প্রতারিত হয়েছে, তখন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আবুল হায়াত্ বুঝতে পারলেন, সময়ের আবেদনকে জোর করে অগ্রাহ্য করাও বড় ধরনের ভুল। নাটক প্রসঙ্গে পরিচালক দেবাশীষ বড়ুয়া দীপ বলেন, ‘বর্তমান সময়ে অতি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেমন আমাদের অভাবনীয় উপকার করে চলেছে, তেমনি এর মন্দ দিকও কম নয়। উঠতি তরুণ-তরুণীরা এর মিসইউজ করছে বেশি। আবার এর প্রভাবও পড়ছে তাদের উপর বেশি। আমাদের এই নাটকে ফেসবুক মিসইউজের কারণে মন্দ দিকগুলোর কিছু খণ্ড চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ নাটকটি শীঘ্রই এটিএন বাংলায় প্রচারিত হবে।
