অভিনয়ের অন্য পৃথিবী

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ০২:৩৯
অনেকের কাছেই তিনি অভিনয়ের পাঠশালা। বিশেষ করে নতুন প্রজন্মের শিল্পীদের কাছে। তারা তারিন বলতেই যেন অভিনয়ের অন্য এক পৃথিবীর গল্প বুঝেন। সত্যি তাই, তারিন নিজেই যেন একটি আলাদা অভিনয়ের পৃথিবী। সেই পৃথিবীর টুকিটাকি গল্প নিয়ে লিখেছেন নূপুর বন্দ্যোপাধ্যায়
 
 
 
এই সময়ে যারা নাটক নির্মাণ করতে আসছেন, স্বাভাবিকভাবেই তারা কেন যেন স্ক্রিপ্ট হাতে পেয়ে তারিনকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন। স্বপ্ন পূরণ না হলে সেখানে অন্য কোনো অভিনেত্রীর নাম আসে। এই যে তরুণ নির্মাতাদের মাঝেও তারিনকে নিয়ে কাজ করার অদম্য আগ্রহ, সেটা তিনি অভিনয় দক্ষতা দিয়েই তৈরি করেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে বাজেট স্বল্পতার কারণে নির্মাতারা তারিনসহ আরও ভালো ভালো শিল্পীর সমন্বয়ে নাটক নির্মাণ করতে পারেন না। এই সময়ের নাটক প্রসঙ্গে তারিন বলেন, ‘এখন তো বাজেট স্বল্পতা, বিজ্ঞাপন বিরক্তির কারণে দর্শক ভালো নাটক দেখাও বন্ধ করে দিয়েছে। আমার মনে হয়, চ্যানেল মালিক, নাট্যনির্মাতা ও বিজ্ঞাপনদাতারা একসঙ্গে একটি সিদ্ধান্তে আসার এটাই উপযুক্ত সময়। তা না হলে ছোটপর্দার দর্শক ধরে রাখা সম্ভব না।’ মানহীন কোনো স্ক্রিপ্ট যদি কখনো হাতে আসে, তাতে কোনোরকম কম্প্রোমাইজ করেন না তারিন। আর এ কারণেই কখনো কোনো মানহীন নাটকে তাকে দেখা যায় না। নিজেকে নিজের স্থানে ধরে রাখার এই যে প্রবল চেষ্টা, এটা তারিন বলেই হয়তো সম্ভব হয়েছে। অনেকেই নাটক করছেন, ভালো-মন্দ কাজ করছেন। কিন্তু কাজের জন্যই তারা কাজ করে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা কাজ করছেন। কিন্তু দর্শক-হূদয় ছুঁয়ে যাওয়ার মতো কাজ তারা করছেন না। এখানেই তারিন ব্যতিক্রম, অন্য অনেকের চেয়ে আলাদা। নিজের জন্য নয়, তারিন কাজ করেন দর্শকের জন্য। তারিন মনে করেন, ‘দর্শকই যদি আমার নাটক না দেখেন, তাহলে আমি কাজ করব কাদের জন্য। তারা যদি আমার অভিনীত নাটক দেখে রিমোট কন্ট্রোল দিয়ে চ্যানেল চেঞ্জ করেন, তাহলে সেখানে আমার অভিনয়ের মূল্য থাকে না। তাই আমি সবসময়ই দর্শকের কথা ভাবি। কোন চরিত্রে কেমন অভিনয় করলে সেটা দর্শকের ভালো লাগবে, সেটা একটি স্ক্রিপ্ট পাওয়ার পর অনেক বেশি ভাবি। দর্শকের ভাবনা আর আমার ভাবনার যদি সমন্বয় না ঘটে, তাহলে সে নাটকে কাজ করি না।’ দীর্ঘ অভিনয় জীবনে দর্শকের মনে রাখার মতো অনেক চরিত্রে অভিনয় করেছেন তারিন। সেসব মনে রাখার মতো চরিত্র নিয়ে তারিন নিজেকে প্রতি মুহূর্তে গড়েছেন আবার ভেঙেছেনও। তারিন বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে, যেসব চরিত্রে আমি কাজ করি, সেসব চরিত্র নিয়ে খেলা যায়। শুধু তাই নয়, এমন চরিত্রে অভিনয় করি, যা বাস্তবেও হয়তো আমি হতে পারতাম না। এটা সত্যিই এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা।’
 
 
 
ছবি দীপু খান