তরুণীর আপত্তিকর ছবি ফেইসবুকে, যুবক গ্রেফতার

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:৫৬

ব্যাংক কর্মকর্তা তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাসুদ রানা (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে আপত্তিকর ছবিসহ মোবাইল ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি টিম মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাহেবেরচর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই যুবকে গ্রেফতার করে। মাসুদ রানা সাহেবেরচর গ্রামের মৃত আবু তালেব মুন্সির ছেলে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, ৪/৫ বছর আগে ফেইসবুকের মাধ্যমে ব্যাংক কর্মকর্তা ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত মাসুদ রানার পরিচয় হয়। মাসুদ রানা নিজেকে ঢাকা কলেজের ছাত্র পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই তরুণী জানতে পারেন, মাসুদ রানা প্রকৃত পক্ষে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। 

এ নিয়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। মাসুদ রানা তাদের বিভিন্ন আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়। এ নিয়ে ওই তরুণীর পরিবার গত বছরের মে মাসে ঢাকার বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

অভিযুক্ত মাসুদ রানা মুচলেকা দিয়ে প্রতিজ্ঞা করেন ভবিষ্যতে কোনো ধরণের আপত্তিকর ছবি ফেইসবুকে ছড়াবেন না। কিন্তু বিগত ৩/৪ মাস যাবৎ মাসুদ রানা পুনরায় ওই তরুণীর আপত্তিকর ছবি ফেইসবুকের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের নিকট পাঠানো শুরু করে। এর প্রেক্ষিতে তরুণীর মা বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। 

আরো পড়ুন: ভারতীয় সিনেমা নিষিদ্ধ করে বিপাকে পাকিস্তান

মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করেছে। তাকে ঢাকার বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে।  

ইত্তেফাক/অনি