নেত্রকোনার কেন্দুয়ায় চারদিন আগে নিখোঁজ গরু ব্যবসায়ী মোসলেম ব্যাপারীর (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শামছু মিয়া নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মোসলেম ব্যাপারী উপজেলার গন্ডা ইউনিয়নের সাধার গ্রামের বাহাদুর খার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার স্থানীয় হাঁসকান্দা বাজারে গরু কিনতে গিয়ে নিখোঁজ হন মোসলেম। পরে তার পরিবার পুলিশকে লিখিতভাবে বিষয়টি জানায়।
আজ দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদী গ্রামের হাওরের ধান ক্ষেতের ডোবায় মোসলেম ব্যাপারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
