প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত কুয়েত ও কোরিয়া

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৫:৪৫
 
বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত কুয়েত এবং কোরিয়া। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে বাংলাদেশে নিযুক্ত এই দুই দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে এই কথা জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন ।
 
প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং ডু। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে কোরিয়া সব সময় প্রস্তুত। মহেশখালীকে ডিজিটাল দ্বীপে পরিণত করতে কোরিয়া কাজ করছে বলে প্রধানমন্ত্রীকে জানান সিয়ং ডু।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের নতুন মডেল হতে পারবে।
 
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা, অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা।
 
তথ্য-প্রযুক্তির উন্নয়নে সরকারের সফলতা তুলে ধরে তিনি বলেন, গ্রামের মানুষও এখন ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশ সফওয়ার ও হার্ডওয়ারসহ আইসিটি সর্ম্পকিত রপ্তানিতে জোর দিচ্ছে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাত হতে পারে পরবর্তী রপ্তানি লক্ষ্য।
 
ব্যাপক উন্নয়নে কোরিয়ার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মকান্ডে কোরিয়ার কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।
 
কোরিয়ার কর্মরত ১৪ হাজার বাংলাদেশির প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তাদের স্বাস্থ্য ও আবাসন নিশ্চিত করা হয়েছে। কোরিয়ার রাষ্ট্রদূত তার দেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
 
IMG0
 
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ.এইচ হায়াত। এ সময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।
 
বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে আমি অভিভূত। বাংলাদেশকে তার ‘সেকেন্ড হোম’ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
 
উপসাগরীয় যুদ্ধের সময় বাংলাদেশের সহযোগিতার কথা স্মরণ করে আদেল মোহাম্মদ বলেন, কুয়েতের কঠিন সময়ে বাংলাদেশ সহযোগিতা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, আমরা আপনার নেতৃত্বের মূল্য দেই।
 
কুয়েতের সঙ্গে বাংলাদেশের সুসর্ম্পকের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুয়েত আমাদের হূদয়ে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের উন্নয়নে কুয়েতের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
 
কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তারা অনেক পরিশ্রমী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা কুয়েতে আরো দক্ষ শ্রমিক পাঠাতে চাই। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে কুয়েতের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।