সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে সাংগঠনিক কাঠামো সংস্কারের প্রক্রিয়া চলছে। তাই প্রস্তাবিত কাঠামো অতিসত্ত্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। ক্যাডারের বাইরের সংস্থা ও দপ্তরের সাংগঠনিক কাঠামোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সাথে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বৈঠকে এসব আলোচনা হয়।
সভায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, সদস্যসচিব মো. ফিরোজ খান, সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, প্রকৌশলী মো. আব্দুস সবুর, মো. মোবারক আলী, স. ম. গোলাম কিবরিয়া, অধ্যাপক নাসরীন বেগম, আই কে সেলিম উল্লাহ খোন্দকার, খায়রুল আলম প্রিন্স উপস্থিত ছিলেন। বৈঠকে উপজেলা পরিষদ ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয়।
৮ম বেতনস্কেলের মাধ্যমে সৃষ্ট সরকারি প্রথম শ্রেণির চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়। এছাড়াও নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত প্রেষণ প্রথা ক্রমান্বয়ে বিলোপ করার বিষয়ে ঐকমত্য হয়।
