নারিকেল গাছ এখন আর ‘গাছ’ নয়!

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৭:০৩
 
নারিকেল গাছকে আর ‘গাছ’ বলা যাবে না ভারতের গোয়ায়। নারকেলের জন্য বিখ্যাত এই রাজ্যের কর্তৃপক্ষ সমপ্রতি এই গাছকে ‘উদ্ভিদ’ হিসেবে বিবেচনা করার ঘোষণা দিয়েছে।
 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে রাজ্য সরকার পুরনো একটি আইন ‘সংশোধন’ করে সংরক্ষিত গাছের তালিকা থেকে ‘নারিকেল গাছ’কে বাদ দিয়েছে। নতুন এই আইন হওয়ায় গোয়ায় নারিকেল গাছ কাটতে আর আগের মতো বনবিভাগের অনুমতি নিতে হবে না।
 
আইনটির পক্ষে গোয়ার পরিবেশ মন্ত্রী রাজেন্দ্র আর্লেকারের সামপ্রতিক এক মন্তব্যও বেশ আলোচিত হচ্ছে। আর্লেকার বলেছেন, উদ্ভিদবিদ্যা অনুযায়ী নারিকেল গাছকে ‘গাছ’ বলা যায় না, কারণ এতে কোনো ‘শাখা’ নেই।
 
অবশ্য পরিবেশবিদরা গোয়া সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তাদের ভাষ্য, রিয়েল এস্টেট ও পর্যটন ব্যবসায়ীদের সুবিধা দিতেই সরকার এই ‘আত্মঘাতী’ সিদ্ধান্তের দিকে ঝুঁকেছে। নতুন আইনের পর সাধারণ মানুষও সরকারের উপর ‘ক্ষিপ্ত হয়ে উঠছে’।
 
সরকারি কর্মকর্তারা অবশ্য পরিবেশ আন্দোলনের কর্মীদের অভিযোগ অস্বীকার করছেন। তারা বলছেন, নতুন আইনে ‘পুরনো’ ও ‘বিপজ্জনক’ গাছ কাটার আগে বনবিভাগের অনুমতি নেবার বিধান রাখা হয়েছে। এর ফলে ব্যাপকহারে ‘নারিকেল গাছ নিধনের’ যে আশঙ্কা পরিবেশবিদরা করছেন, তা অমূলক।
 
 

নারিকেল গাছ গোয়ায় ‘কালপাভরিকশা’ বা ‘স্বর্গের গাছ’ নামে পরিচিত। ওই রাজ্যে এটি এতই জনপ্রিয় যে স্থানীয় কোঙ্কানি ভাষায় এর ৫০টি আলাদা প্রতিশব্দ আছে বলে বিবিসি জানিয়েছে।