কওমি মাদ্রাসাগুলোর ওপর নজর রাখতে এমপিদের পরামর্শ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২১:০২
 
নিজ নিজ এলাকার কওমি মাদ্রাসাগুলোতে নজরদারি রাখতে সংসদ সদস্যদের পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।
 
কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় অভিযোগ করে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী আলাদা প্রশ্ন করেন। হাজী সেলিম কওমি মাদ্রাসাকে ‘জঙ্গি তৈরির কারখানা’ আখ্যায়িত করলে তার বিরোধিতা করে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘জঙ্গিদের মধ্যে বিদেশে উচ্চ ডিগ্রিধারীও রয়েছে। কাজেই ঢালাওভাবে কওমি মাদ্রাসাকে দোষারোপ করা ঠিক হবে না।’
 

চট্টগ্রামের সংসদ সদস্য নজিবুল বশর জঙ্গিবাদের সঙ্গে হেফাজতে ইসলামের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘মানুষের কাছে সিগনাল আছে, সরকার কোনোভাবে এদের বা কারও সাথে আঁঁতাত করছে। এটা হলে কিন্তু বুমেরাং হবে। জঙ্গিরা জঙ্গি, সেটা কওমি হোক, আলিয়া মাদ্রাসা হোক বা যেখানেই হোক।’