বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রের তিন শীর্ষ ব্যক্তির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি এডভোকেট মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান বিচারপতি এস কে সিনহা বঙ্গভবনে বৈঠক করেন। ঐ বৈঠকে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এবং এটর্নি জেনারেল মাহবুবে আলমও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে বঙ্গভবনে যান এবং ১০ টা ১০ মিনিটে বঙ্গভবন ত্যাগ করেন। এ বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি তাদেরকে নৈশভোজে আমন্ত্রন জানিয়েছিলেন।’
বৈঠক সম্পর্কে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, বৈঠকে বিচারপতিদের বেতনভাতা এবং সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
