অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে জার্মানির নয়া পরিকল্পনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৫:৩১
 
অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে নতুন পরিকল্পনা প্রকাশ করেছে জার্মানি। এর অংশ হিসেবে আলজেরিয়া, মরক্কো এবং তিউনিসিয়াকে নিরাপদ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর নিরাপদ রাষ্ট্রের তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকেরা জার্মানিতে আশ্রয় পাবেন না।
 
বিবিসি বলছে, জার্মানির অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল জানিয়েছেন, ওই দেশগুলো থেকে আসা মানুষদের আশ্রয় দেয়া হবে অপ্রত্যাশিত।
 
গেল বছর ১১ লাখেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে গ্রহণ করা জার্মানি অভিবাসী আইন কঠোর করার লক্ষ্যেই নয়া এই পদক্ষেপ গ্রহণ করেছে। গ্যাব্রিয়েলের স্যোসাল ডেমোক্র্যাটসের সঙ্গে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস এবং তাদের বাভারিয়াভিত্তিক সহযোগী দল দ্য ক্রিশ্চিয়ান স্যোসাল ইউনিয়নের আলোচনার পর অর্থমন্ত্রী গ্যাব্রিয়েল ওই ঘোষণা দেন।
 
জার্মানির প্রস্তাবিত এই পরিকল্পনার ব্যাপারে ইতোমধ্যে মরক্কো সাড়া দিয়েছে। দেশটির কোনো নাগরিক অবৈধভাবে জার্মানিতে গিয়ে থাকলে তারা তাকে ফিরিয়ে নেবে বলে জানিয়েছে।
 
ক্ষমতাসীন জোটের তৈরি এই প্রস্তাবনায় কঠোর আশ্রয়নীতির কথা বলা হয়েছে। সেটি অনুমোদিত হলে আশ্রয় পাওয়া ব্যক্তি দুই বছরের মধ্যে তার কোনো আত্মীয়কে জার্মানি নিয়ে আসতে পারবেন না।
 
নয়া এই পরিকল্পনায় বলা হয়েছে, দেশটিতে যাদের অভিবাসনের আবেদন প্রত্যাখ্যাত হবে তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। খসড়া এই প্রস্তাবনাটি আইনে পরিণত হতে সরকার এবং সংসদের অনুমোদন প্রয়োজন হবে। বিডি নিউজ।