জিকা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন পেতে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে। মার্কিন স্বাস্থ্য বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা বলেন। মশাবাহিত ভাইরাসটির ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের মধ্যেই এমনটি জানালেন তিনি।
জিকার কোন চিকিৎসা কিংবা ভ্যাকসিন নেই। এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আমেরিকা মহাদেশজুড়ে জিকা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ অঞ্চলের প্রায় ৪০ লাখ লোক জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ'র পরিচালক অ্যান্থনি ফসি বলেন, জিকা ভাইরাস ভ্যাকসিন তৈরিতে মার্কিন সরকার দুভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে বেশ আশাবাদী। তবু মনে করা হচ্ছে চলতি বছর এমনকি আগামী কয়েকবছরেও প্রতিষেধক আবিষ্কার সম্ভব নাও হতে পারে।
ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (সিডিসি) গর্ভবতী ও গর্ভধারণে আগ্রহী নারীদের ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ভ্রমণে না যেতে সতর্ক করেছে। জিকা ভাইরাস ১৯৪৭ সালে প্রথম ধরা পড়লেও এবারের মতো এতো ব্যাপকভাবে কখনই ছড়িয়ে পড়েনি। এখনও পর্যন্ত জিকা সম্পর্কে খুব কমই জানা গেছে। উল্লেখ্য মশাবাহিত জিকা ভাইরাসে গর্ভবতী নারীরা আক্রান্ত হলে অপরিণত মস্তিষ্কের শিশু জন্ম নেয়। বাসস।
