পুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা বিভাগ করার যে দাবি আইজিপি জানিয়েছেন, তাকে ‘কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান। শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, ‘আজকে আমি দেখি- পুলিশ চাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে থাকতে। তারা চায় পুলিশ ডিভিশন। তারা চায় ব্যাংক, তারা কতো কিছু চায়!’
পুলিশ সাপ্তাহের প্রথম দিনে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বাহিনীর মহাপরিদর্শক একেএম শহীদুল হক পুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা বিভাগ করার দাবি জানান।
মাহবুবুর রহমান বলেন, ‘এটা হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতা। পুলিশ তো কর্তৃত্ববাদী হতে পারে না। তারা জনগণের সেবক। দুষ্টের দমন, শিষ্টের পালন- এটাই পুলিশের একমাত্র ধর্ম।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আজ মানুষ শঙ্কিত। পুলিশ বাহিনীর দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু আমরা কী দেখি?’
