যশোর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের কাছে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, বিকালে মাছ বোঝাই একটি নসিমন কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যাচ্ছিল। উপজেলাধীন যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারের কাছে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস নসিমনটিকে চাপা দেয়। এতে নসিমন যাত্রী রবিউল ও চালক ইমদাদুল হক গুরুতর জখম হন। আর বাসের যাত্রী বৃদ্ধ রহিম বক্স আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ও রহিম বক্স মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ গনি মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
