আওয়ামী লীগ অস্ত্রের চেয়ে ব্যালটকে বেশি ‘ভয়’পায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার বিকালে চট্টগ্রামে নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, এ সরকার জনগণের ওপর নির্ভর করে না। জনগণের ওপর নির্ভর করতে হলে নির্বাচন দিতে হবে, যা আওয়ামী লীগ কখনো করবে না। আওয়ামী লীগ অস্ত্রকেও অত ভয় পায় না, যতটা পায় ব্যালটকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
নোমান বলেন, উন্নয়নের নামে সরকার জনগণকে স্বপ্নের ঘি খাওয়াচ্ছে। স্বপ্নের ঘি যত খুশি খাওয়া যায়, বাস্তবে এক ছটাকও পেটে সয় না।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার বক্তব্য রাখেন।
