পদত্যাগ নয়, আরো ৩ মন্ত্রী চান এরশাদ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১২:১৭

মন্ত্রিসভা থেকে দলের মন্ত্রীদের পদত্যাগ নয়, বরং জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ তার ভাই জি এম কাদের ও একজন নারীসহ তার দলের মোট তিনজনকে নতুন করে মন্ত্রিত্ব দেয়ার আবদার জানিয়েছেন। এ বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ে দূতিয়ালী করতে জাপা থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন এরশাদ। তবে জি এম কাদেরকে মন্ত্রী করার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের মনোভাব একেবারেই নেতিবাচক বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে। অন্যদের ব্যাপারেও কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। বরং এরশাদের সাম্প্রতিক আচরণে সরকারের শীর্ষ মহল ক্ষুব্ধ।

মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ অবশ্য এরশাদের সঙ্গে একমত হলেও এরশাদের দ্বৈত ভূমিকায় বিরক্ত। ফলে আপাতত সরকারে থাকার পক্ষে মত ঘুরিয়েছেন তিনি। আর জাপার যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারে আছেন তাদের সাফ জবাব, পদত্যাগ তো নয়ই, প্রয়োজনে আলাদা জাপা হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মঞ্চে জাপা নাটকের সর্বশেষ অবস্থান এ রকমই। আর এসব কথা সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

রংপুরে দলের কর্মীসভায় এরশাদ তার সহোদর জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করায় সাম্প্রতিক সময়ে দলের কোন্দল প্রকাশ্য রূপ নেয়। এরশাদের এই ঘোষণার পাল্টা হিসাবে দলীয় সংসদ সদস্যরা বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দেয়। এতে নাখোশ হয়ে এরশাদ দ্রুততার সঙ্গে মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে রুহুল আমীন হাওলাদারকে এ পদে আসীন করেন। এ পদক্ষেপ প্রত্যাহার করতে রওশন অনুরোধ করলেও এরশাদ তা প্রত্যাখ্যান করেন। এ রকম অবস্থায় এই আলোচনা জোরালো হয় যে, জাপার কোনো প্রতিনিধি মন্ত্রিসভায় থাকবেন না, তারা পদত্যাগ করবেন। এ নিয়ে এরশাদ ও রওশনের মধ্যে ঐকমত্য হয়েছে এমন খবরও প্রকাশ পায়। যদিও প্রধানমন্ত্রীর বিশেষ দূত (মন্ত্রীর পদমর্যাদায়) এরশাদ বলতে যাচ্ছেন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে এমন কোনো কাজ তিনি করতে চান না।

এরই মধ্যে এরশাদ ও রওশন দুজনই আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রীর সাক্ষাত্ প্রার্থী হন। এরশাদকে সময় না দিলেও সর্বশেষ গত পরশু রাতে সংসদ ভবনে রওশনের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ বৈঠকে সরকার থেকে বেরিয়ে আসবে না জাপা এমন প্রতিশ্রুতিই রওশন দিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ।

মন্ত্রিসভার একজন সদস্য জাপা নেতা নাম প্রকাশ না করে বলেছেন, এরশাদের নাটকীয়তা নতুন কিছু নয়। একদিকে দলের মন্ত্রীদের পদত্যাগের কথা বলছেন, আবার তলে তলে দলের তিনজনকে নতুন করে মন্ত্রিসভায় নিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাচ্ছেন।

জাপা নেতা ও মন্ত্রিসভার এ সদস্য বলছেন, সরকার থেকে তাদের পদত্যাগের কোন সম্ভাবনা নেই। প্রয়োজনে এরশাদ ও রওশন থেকে বেরিয়ে আলাদা জাপা করে সরকারে থাকবেন তারা। জাপা থেকে আরওকোন সদস্যকে মন্ত্রিসভায় নেয়া বা প্রতিমন্ত্রীদের মন্ত্রী করার বিষয়ে চেষ্টার সঙ্গে তাদের দ্বিমত নেই।