দুই ভাইয়ের মারামারি, মায়ের মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২০:৫৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই ভাইয়ের মারামারির সময় ইটের আঘাতে বৃদ্ধা মা নজিনুর বেওয়া (১০১) নিহত হয়েছেন। শুক্রবার বিকালে রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হঠাৎপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নজিনুর বেওয়া মৃত শামসুদ্দিনের স্ত্রী।
 
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তজা জানান, রাস্তা তৈরির জায়গা নিয়ে শুক্রবার বিকালে মৃত শামসুদ্দিনের দুই ছেলে সিদ্দিক ও মাহবুবের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ ইট-পাটকেল ছুড়াছুড়ি শুরু করে। এ সময় মাথায় ইটের আঘাত পেয়ে তাদের বৃদ্ধা মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত চলছে তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।