টেক্সাসে জিকা ভাইরাসে ছয়জন আক্রান্ত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১১:৩১
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে জিকা ভাইরাসে ছয়জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে হস্টনেই তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য অধিদফতর।
 
ছয়জনের সবাই দেশের বাইরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিসেস। তবে শুক্রবার পর্যন্ত এ ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
 
বিশেষ প্রজাতির ডেঙ্গুজ্বর ছড়ানো এডিস এজিপ্টি (Aedes aegypti) মশকির মাধ্যমে জিকা ভাইরাস ছড়িয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, দক্ষিণ, মধ্য ও উত্তর আমেরাকায় এ ভাইরাসের প্রাদুর্ভাব মহামারীর আকার ধারণ করতে পারে।
 
জিকা ভাইরাসে আক্রান্ত হলে জ্বরের সঙ্গে ত্বকে দাগ এবং মাংসপেশী ও হাড়ের জয়েন্টে ব্যাথার সৃষ্টি হয়। গর্ভবতী কোনো নারী এ ভাইরাসে আক্রান্ত হলে তার সন্তান ছোট মাথা বা মাইক্রোসেফালি রোগ নিয়ে জন্ম নিতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।