মালয়েশিয়ায় সাড়ে ৩ লাখ বাংলাদেশি শ্রমিক বৈধতা পাচ্ছে

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১২:২১
মালয়েশিয়া সরকার সে দেশে বর্তমানে কর্মরত সাড়ে ৩ লাখ বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজ্জাক পার্লামেন্টে দাঁড়িয়ে এ ঘোষণা দেন। ঐতিহাসিক এ ঘোষণার পর মালয়েশিয়া সফররত বাংলাদেশের  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
 
এদিকে মালয়েশিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর এই ঘোষণা দেয়ার সাথে সাথে তা এখানকার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। অনেকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের সঙ্গে মোবাইলে ফোন করে তাদের প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেন। তারা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানানোর জন্য আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত্ করবেন।
 
মালয়েশিয়ায় প্রায় সাত লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এর মধ্যে সাড়ে তিন লাখ শ্রমিকের বৈধতা ছিল না। পক্ষকাল আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার মালয়েশিয়ায় পাঁচ দিনের সফরের কর্মসূচি চূড়ান্ত করেন। এই সফরে তিনি অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার প্রশ্নে বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজ্জাকের সাথে আলোচনার ইচ্ছা ব্যক্ত করেন। হাইকমিশনার শহীদুল ইসলাম বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরকে জানান। এরপর স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের বৈধতার ঘোষণাটি আসে।
 
মালয়েশিয়া সফরের তৃতীয় দিন মোহাম্মদ নাসিম গতকাল ইত্তেফাকের এই প্রতিনিধিকে জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মরত সাড়ে ৩ লাখ বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেয়ার পর দেশটির আইনসভায় চূড়ান্ত ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজ্জাক। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য।