নতুন বছরে চিত্রনায়ক বাপ্পী’র সাথে মীমের দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। তবে এই সংখ্যা আরো বাড়বে কি-না এমন প্রশ্নে বিদ্যা সীনহা মীম বললেন, ‘আপাতত’ এটুকুই ভালো করে শেষ করি। চলতি সপ্তাহে এক নতুন নির্মাতার পরিচালনায় বাপ্পী’র সাথে চুক্তিবদ্ধ হলেন আরো একটি নতুন চলচ্চিত্রে। ছবির নাম ‘দাগ’। ছবিটির কাজ ১০ ফেব্রুয়ারি এই ছবির কাজ শুরু হবে। তবে এই দাগের আঁঁচড় লাগার আগেই মীমের সাথে বাপ্পী জুটির আরো একটি ছবি মুক্তি পাবে। সে ছবির নাম ‘সুইটহার্ট’। তবে কী বাপ্পীর সাথে চুক্তি গড়তে যাচ্ছেন মীম?
এরকম প্রশ্নে ইত্তেফাক অনলাইনকে মীম বলেন, ‘না সেটা বলা মুশকিল। কারণ আমরা দুজন ছবি করলেই তো আর জুটি হয়ে যাবে না। দর্শকদের রায়টা জরুরী। তবে দুজনার অন স্ক্রীন কেমিস্ট্রি মিলে গেলে অবশ্যই ভালো কিছু হবে এটুকু বলতে পারি।’
এছাড়া গেল বছরের ছবির ঝুড়িতে মীমের দুটি উল্লেখযোগ্য চলচ্চিত্র রয়েছে। সেখান থেকে কোনো ছবির জন্য সেরা স্বীকৃতি পাবার প্রত্যাশা বা সম্ভাবনা দেখছেন কি-না এরকম প্রশ্নের জবাবে মীম বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বপ্ন কে না দেখে ! তাই সম্ভাবনার কথা আমি জানি না। তবে আমার জোনাকীর আলো ছবিটি অনেকের কাছেই প্রশংসিত হয়েছে। বাকিটা বিচারকেরাই জানাবেন।’
নিজের ক্যারিয়ারে নতুন কাজ প্রসঙ্গে বলেন, ‘এটি আমার নবম চলচ্চিত্র। অল্প অল্প করে যেটুকু এগিয়েছি তাতে দর্শকদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা।’
মিডিয়াতে এখনকার এই হরহামেশা বিয়ের খবরে মীমের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি একগাল হেসে বলেন, ‘আরে না, এত জলদিই জীবনে বিয়ের মতো কোনো জটিল হিসেবে পড়তে চায় না। সে অনেক দেরি আছে। আপাতত ভালো কিছু কাজ করে যাই।’
