দক্ষিণ-পূর্ব এশিয়ায় আসছে হুয়াওয়ের দুই স্মার্টফোন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৪:৩৬
চীনের বাজারে বেশ সাড়া জাগিয়েছে হুয়াওয়ের মেইট ৮ এবং জি আর ৫ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ডিভাইস দুটি এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য উন্মোচন করেছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।
 
এ নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে হুয়াওয়ে। এতে পাঁচ জন বাংলাদেশী তারকাসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আরও অনেক নামীদামী অভিনেতা উপস্থিত ছিলেন।
 
উন্মোচন অনুষ্ঠানে দক্ষিণ-পূর্ব এশিয়ার হুয়াওয়ে বিজনেস কনজ্যুমার গ্রুপের প্রেসিডেন্ট থমাস লিউ বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজারে ২০১৫ সালে ৭০ শতাংশের রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধির সফলতা পায় হুয়াওয়ে। গত বছর সারাবিশ্বে ১০৮ মিলিয়ন ডিভাইস রপ্তানি করে আমরা আয় করেছি ২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বর্তমানে আমরা বিশ্বের শীর্ষ তিনটি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় স্থান করে নিয়েছি।’
 
ওই সময় তিনি আরও জানান, স্মার্টফোন ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে স্মার্টফোন বাজারে সবচেয়ে সেরা ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা দিচ্ছে হুয়াওয়ে। পেশাদার ব্যবসায়ীদের কথা বিবেচনা করে ‘দি নিউ স্টাইল অব বিজনেস’ ট্যাগলাইনে মেইট ৮ মডেলের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে হুয়াওয়ে। ডিভাইসটিতে  থাকছে লং ব্যাটারি লাইফ যা একজন ব্যবসায়ীর জন্য অনেক বেশি উপকারী একটি ফিচার।
 
তিনি জানান, তরুণদের কথা মাথায় রেখে জি সিরিজের নতুন মডেল জি আর ৫ স্মার্টফোন আনছে প্রতিষ্ঠানটি। এ মডেলে আছে দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, উন্নত ক্যামেরা এবং ফুল এইচডি ডিসপ্লে যা নিঃসন্দেহে তরুণদের নজর কাড়তে সক্ষম হবে।