ঋণাত্মক সুদ হার নীতি গ্রহণ করছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক!

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৫:২৭
 
ঋণাত্মক সুদ হার নীতি গ্রহণ করছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। বিবিসি'র এক প্রতিবেদনে জানানো হয়, ব্যাংক অফ জাপান শুক্রবার সুদের হার কমিয়ে মাইনাস দশমিক ১ (-.১%) করার ঘোষণা দেয়া হয়েছে। তেলের অব্যাহত দরপতনের মধ্যে এমন সিদ্ধান্ত নিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে জানানো হয়েছে, সুদের এই হার ব্যক্তি শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তা প্রযোজ্য হবে শুধু বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে।
 
সুদের হার ঋণাত্মক পর্যায়ে নেওয়ার নজির ইউরোপে আগে দেখা গেলেও বিশ্বের ‍তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে এবারই প্রথম ঘটল। অর্থনীতির গতি এক জায়গায় আটকে থাকার মধ্যে ব্যাংকগুলোকে টাকা না জমিয়ে বিনিয়োগে বাধ্য করার লক্ষ্যে জাপান এই পদক্ষেপ নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
 
বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব এড়াতে শিনজো আবে নেতৃত্বাধীন জাপানের বর্তমান সরকার গত কয়েক বছর ধরেই সাহসী পদক্ষেপ নিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ এবং ভোক্তাদের ব্যয় বাড়াতে জাপান সরকার মোটামুটি উঠেপড়ে লেগেছে।
 
তবে ব্যাংক অফ জাপান এক বিবৃতিতে বলেছে, ঋণের হার  ঋণাত্মক পর্যায়ে নেওয়ার সিদ্ধান্তটি জাপানের অভ্যন্তরীণ অর্থনীতির কারণে নয়, বরং বিশ্ব অর্থনীতির চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। সেখানে বলা হয়, 'জাপানের অর্থনীতি ধীরে ধীরে উঠে আসছে (মন্দা থেকে)। কিন্তু সম্প্রতি জ্বালানি তেলের অব্যাহত দরপতনে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা চলছে।'
 
প্রয়োজন হলে সুদের হার আরো কমানো হবে বলে জানিয়েছে ব্যাংক অফ জাপান।