ধূমপানই দীর্ঘায়ু দিয়েছে ১১২ বছরের বৃদ্ধাকে!

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৫:৫৩
 
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এটি সবারই জানা। ধূমপানের কারণে বিশ্ব্বে প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কিন্তু ১১২ বছর বয়সী নেপালের এক বৃদ্ধার দাবি, ধূমপানের কারণে তিনি দীর্ঘায়ু লাভ করেছেন!
 
সম্প্রতি ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বাটুলি লামিছেন নামের ঐ বৃদ্ধা দিনে ৩০টি সিগারেট পান করেন। আর এ কারণেই নাকি তিনি দীর্ঘজীবী  হয়েছেন ও  চাপমুক্ত থাকতে পেরেছেন।
 
১৯০৩ সালের মার্চে জন্মগ্রহণ করেন বাটুলি লামিছেন। ১৭ বছর বয়স থেকে তিনি ধূমপান শুরু করেন। তিনি তার সমসাময়িক গ্রামের মানুষদের মধ্যে সবচেয়ে বেশিদিন বেঁচে আছেন। বাটুলির বড় ছেলের বয়স ৮৫ বছর। তার নাতি নাতনিও রয়েছে।
 
বয়স শতকের কোঠা পেরিয়ে গেলেও বাটুলি ঘরের টুকিটাকি কাজ করতে পারেন। স্থানীয় একটি হিন্দু মন্দিরের আর্থিক সহায়তায় তিনি চলছেন।
 
তিনি বলেন, আধুনিক যুগের মানুষ অনেক বেশি মানসিক চাপে থাকেন। বৃদ্ধ বয়সে যারা কাজ করেন না কিংবা অলস তারা বেশিদিন বাঁচেন না।
 
তিনি বলেন, ধূমপান খারাপ কোনো বিষয় নয়। তবে বাণিজ্যিকভাবে তৈরি করা সিগারেট পান করা উচিত নয়। স্থানীয়ভাবে নির্মিত সিগারেট (বেদিস নামে পরিচিত) পান করার কথা বলেছেন তিনি। মোড়ানো তেন্ডু পাতা থেকে তৈরি এই সিগারেট বাটুলির প্রধান রসদ।