‘দোস্তানা’ মুভিতে অভিষেক বচ্চন ও জন অ্যাব্রাহামকে দুই সমকামীর চরিত্রে দেখা যায়। এবার বলিউডের তিন খানকে সমকাম নির্ভর একটি ছবিতে দেখা যেতে পারে। এমনই এক গুঞ্জন চাউর হয়েছে বলিউডে।
ভারতীয় মিডিয়ার দাবী, এই গুঞ্জনের সূত্রপাত করেছেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি মনোজ বাজপেয়ীর ‘আলীগড়’ সিনেমার ট্রেলার উন্মোচনে এসেছিলেন তিনি। সেখানেই তিনি জানান, সমকামীদের ভূমিকায় অভিনয় করতে শাহরুখ খান, আমির খান এবং সালমান খান সানন্দে রাজি হবেন।
‘মেয়েলী’ বলে ছোটবেলা থেকেই অনেক ঠাট্টা-বিদ্রূপ সহ্য করতে হতো, এ কথা বহু বার বলেছেন করণ। নিজের জীবনের সেই স্মৃতি থেকেই তিনি লিখবেন স্ক্রিপ্ট। আর তাতে অভিনয় করবেন তিন খান।
বলাই বাহুল্য, তিন খানকে করণের ছবিতে একসঙ্গে দেখাটাই একটা বিশাল পাওয়া দর্শকদের। কিন্তু সত্যিই কি ৩ খান রাজি হবেন?
