চট্টগ্রামে ৬ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৭:০১
চট্টগ্রামে সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ চার হাজার ৯৩৫ কোটি টাকার ছয়টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শনিবার বিকালে চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কুয়াইশ অংশে চট্টগ্রাম-কাপ্তাই সংযোগস্থলে নির্মিত ম্যুরালের সামনে থেকে তিনি প্রকল্পগুলো উদ্বোধন করেন।
 
প্রধানমন্ত্রী একসাথে বোতাম টিপে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আউটার রিং রোড, লিঙ্ক রোড (লুপ রোড), কদমতলী ফ্লাইওভার, ‌ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও সেখানে স্থাপিত দুইটি ম্যুরালের উদ্বোধন করেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই ছয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে।
 
উদ্বোধনীতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন স্থানীয় নেতাকর্মীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ছয় প্রকল্প উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইবিআরসির নবম পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর নগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম চেম্বারের অর্থায়নে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী।