‘গানের সাথে এখন স্টাইলটাও জরুরী’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৭:৫৮
 
জেনিফার লোপেজ, ব্রিটনী , অ্যাডেলসহ বিশ্বের পপ তারকারা এখন যেমন নিজেদের গানটা গাওয়ার পাশাপাশি পারফর্মেন্সের ক্ষেত্রেও খুব নজর দেন, ঠিক একই ভাবে সেই পথের অনুসরণেই হাঁটছেন কণ্ঠশিল্পী সোনিয়া। প্রথম অ্যালবামটিতে জানান দিয়েছেন শ্রোতাদের সাথে লম্বা রেসেই দৌড়াতে এসেছেন তিনি। তারই ধারাবাহিকতায় নিজের দ্বিতীয় অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন এখন সোনিয়া।
 
মোট ৮টি গানের এই অ্যালবামটির ৬টি গানের কাজ এরই মধ্যে শেষ করেছেন। চলছে বাকি দুটি গানের কাজ। এরই মধ্যে নাম চুড়ান্ত না হওয়া এই অ্যালবামটি থেকে দুটি গানের মিউজিক ভিডিও নির্মান করছেন তিনি। ‘ভালবেসে যাই হারিয়ে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি চলছে ‘তুমি কোথায়’ শিরোনামে অন্য আরেকটি মিউজিক ভিডিওর কাজ। মিউজিক ভিডিও দুটির মডেল সোনিয়া নিজেই। সঙ্গে রয়েছেন উঠতি চিত্রনায়ক আমান।
 
অ্যালবাম প্রকাশের আগেই মিউজিক ভিডিও নির্মাণের বিষয়ে সোনিয়া বলেন, ‘এখন মানুষ গান শোনার পাশাপাশি মিউজিক ভিডিওটাও জরুরী। কারণ এখন গানের পাশাপাশি তার দৃশ্যায়ণের একটি গল্পও দেখতে চায়। তাই মিউজিক ভিডিওর মাধ্যমে অতি অল্প সময়ে শ্রোতাদের কাছাকাছি যাওয়া যায়। সেই উদ্দেশ্য থেকেই ভিডিও নির্মান।’ একসাথে কিছু ভিডিও রিলিজের পরেই নতুন অ্যালবামটি বাজারে আনবেন বলে জানান সোনিয়া।