লেবাননে মুক্তি পেল 'গুপ্তচর' সন্দেহে আটক একটি শকুন। বিবিসি বলছে, ইসরায়েল ওই পাখিটিকে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করছে না এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপে বিশাল ওই পাখিটি মুক্তি পায়।
শকুনটির পাখার দৈর্ঘ্য ৬ ফুট ৫ ইঞ্চি। ইসরায়েল থেকে পাখিটি সীমান্ত অতিক্রম করে লেবাননে প্রবেশ করার পর মঙ্গলবার দেশটির বিনত জিবেইলের গ্রামবাসীরা একে ধরে ফেলে। শকুনটির লেজে একটি ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত থাকায় এটিকে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহের সৃষ্টি হয়।
মধ্যপ্রাচ্যে পাখি সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে শকুনটিকে স্পেন থেকে নিয়ে আসা হয়েছিল। ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের গামলা নেচার রিজার্ভে একমাস আগে ছেড়ে দেয়া হয় বলে বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন।
তেল আবিব ইউনিভার্সিটি এই পাখিটিকে অনুসরণ করছিল। যে কারণে পাখিটির লেজে একটি জিপিএস ট্রান্সমিটার সংযুক্ত করে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বলা হয়, পাখিটির পায়ে একটি ধাতব রিংও ছিল।
শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, 'জাতিসংঘ বাহিনীর বড় ধরনের সহায়তায় লেবানিজদের সঙ্গে একটি সুচিন্তিত অভিযানের মাধ্যমে ইসরায়েল নেচার অ্যান্ড পার্ক অথরিটি কিছুদিন আগে বিনত জিবেইল গ্রামে ধরা পড়া শকুনটিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।'
লেবাননের গণমাধ্যম জানিয়েছে, শকুনটি গুপ্তচরবৃত্তিতে ব্যবহৃত হচ্ছে না এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এটিকে ছেড়ে দেয়া হয়। তবে পাখিটি দুর্বল হয়েছে পড়েছে এবং সামান্য আহত হওয়ায় চিকিৎসা দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিডি নিউজ।
