আগামী ১১-১২ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে ”ইনফোকম-সিটিও ফোরাম টেক সামিট ২০১৬। সামিটে ভারত, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের তথ্যপ্রযুক্তিবিদরা যোগ দেবেন।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবহারকারীদের সংগঠন সিটিও ফোরাম এবং ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইনফোকম এই সামিটের আয়োজন করেছে। ইনফোকম এবং সিটিও ফোরাম গত দুই বছর ধরে বাংলাদেশ ও ভারতের তথ্যপ্রযুক্তিবিদদের নিয়ে বিভিন্ন সভা সম্মেলন আয়োজন করে আসছে।
শনিবার সিটিও ফোরামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে টেক সামিট সম্পর্কে জানান সিটিও ফোরাম, বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার ও ভারতের আনন্দবাজার গ্রুপের (এবিপি) আইটি বিভাগের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও ইনফোকমের সাংগঠনিক সম্পাদক কালি কৃষ্ণ মহাপাত্র।
তপন কান্তি সরকার বলেন, সামিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও মুক্ত আলোচনা থাকবে, যেখানে দেশের ও সার্ক সদস্যভুক্ত দেশগুলোর তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা যোগ দেবেন। সম্মেলনে প্রযুক্তিপণ্য, সেবা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবহারকারী প্রতিষ্ঠান ও আইটি কোম্পানিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। সার্ক অঞ্চলের প্রযুক্তি খাতে করপোরেট প্রযুক্তি বিশেষজ্ঞদের স্ব-স্ব খাতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হবে। টেক সামিটের বিস্তারিত তথ্য নিয়ে সিটিও ফোরামের ওয়েবসাইটকে (ww.ctoforumbd.org ) নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এবং টেক সামিটের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
ইনফোকমের সাংগঠনিক সম্পাদক কালি কৃষ্ণ মহাপাত্র বলেন, এবারের টেক সামিটে সার্কের ৬টি দেশের আইটি প্রফেশনালরা একত্রিত হয়ে আইটি সক্ষমতা প্রদর্শন করবেন। আশা করি অতীতের চেয়ে আরো সফল হবে এবারের টেক সামিট।
