গেল বছর মাত্র ১২ ডলার দামে গুগলের নিজস্ব ডোমেইন সেবা থেকে ‘Google.com’ ডোমেইন নেম কিনে নিয়ে আলোচনায় এসেছিলেন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির সাবেক কর্মী সানমায় ভেদ। অবশ্য ‘Google.com’-এর উপর তার মালিকানা এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। তবে ওই ‘সফটওয়্যার গ্লিচ’ সনাক্ত করতে পারায় তাকে বেশ মোটা অংকের পুরস্কার দিয়েছিল গুগল। এবার সেই পুরস্কারের অংক নিয়ে মুখ খুলেছে প্রতিষ্ঠানটি।
সফটওয়্যারের নানা ত্রুটি চিহ্নিত করার জন্য সাইবার নিরাপত্তা গবেষকদের আর্থিক পুরস্কার দেয়ার পুরনো চল আছে গুগলে। তার ধারাবাহিকতায় পুরস্কৃত হয়েছিলেন ভেদও। প্রথমে ৬,০০৬.১৩ মার্কিন ডলার দিয়েছিল গুগল। পরবর্তীতে ভেদ পুরস্কারের অর্থ দাতব্য কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছেন জানতে পেরে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে গুগল। তবে পুরস্কারের প্রাথমিক পরিমাণটি আলাদা করে লক্ষ্য করার মতো বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট। ৬,০০৬.১৩ ডলার ইংরেজি সংখ্যা ব্যবহার করে লিখলে হয় ‘৬,০০৬.১৩’, যা দেখতে খানিকটা হলেও গুগলের ইংরেজি বানানের মতো বলে মন্তব্য করেছে দৈনিকটি।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ১২ ডলার খরচ করে গুগলের নিজস্ব ডোমেইন সেবা থেকে ‘Google.com’ ডোমেইন কিনে নিয়েছিলেন সানমায় ভেদ। পুরো ব্যাপারটি সফটওয়্যার ত্রুটির কারণে হচ্ছে বলে প্রাথমিক অবস্থায় ধরে নিয়েছিলেন তিনি। কিন্তু দাম মেটানোর পর মালিকানা বদলের মেইল পাওয়ার পর বুঝতে পারেন যে বিশ্বে সবচেয়ে বেশিবার ভিজিট হওয়া ডোমেইনের মালিক বনে গেছেন তিনি!
