রাষ্ট্রপতির সঙ্গে লোকসভার স্পিকারের সাক্ষাৎ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৪
বাংলাদেশের সার্বিক উন্নয়নে ভারত সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।
 
শনিবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সুমিত্রা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের চমৎকার সাফল্যের প্রশংসা করেছেন লোকসভার স্পিকার।
 
ঢাকায় শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী সাউথ এশিয়ান স্পিকারস’ সামিটের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সুমিত্রা মহাজন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
 
প্রেস সচিব বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের উচ্চ পর্যায়ের সফরের কথা উল্লেখ করে বলেন, এসব সফরের কারণে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
 
ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে স্থল সীমানা চুক্তি পাস হওয়ায় সুমিত্রা মহাজনকে ধন্যবাদ জানান বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল হামিদ।
 
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর ভেহিকেল এগ্রিমেন্ট (এমভিএ) বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।