বাংলাদেশ নৌবাহিনীর 'সমুদ্র জয়' নামে একটি যুদ্ধজাহাজ আজ ভারতের উদ্দেশে যাত্রা করেছে। ভারতে অনুষ্ঠেয় 'ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০১৬' তে অংশগ্রহণের উদ্দেশে শনিবার এ যুদ্ধজাহাজ চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়। এসময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটসহ অন্যান্য আঞ্চলিক কমান্ডারগণ, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
২ হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’ এ বাংলাদেশ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ অংশগ্রহণ করবে। এছাড়া বিশে¡র উন্নত দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এ অনুষ্ঠানে যোগদান করবেন। নৌবাহিনীর কমডোর এস এম আবুল কালাম আজাদ ফ্লাগ অফিসার হিসেবে সফরের নেতৃত্ব দিবেন।
এছাড়া সমুদ্র জয়য়ের অধিনায়ক ক্যাপ্টেন আরিফ আহমেদ মোস্তফা এবং ৩৮ জন কর্মকর্তাসহ সর্বমোট ২২৮ জন নৌ সদস্য এ অনুষ্ঠানে যোগদান করবে। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১২ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।
