ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে সংঘর্ষে বিজিবির গুলিতে এক গ্রামবাসী নিহত হয়েছেন। শোনা গেছে, এ ঘটনায় আরো তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী মাটিলা বাজারে গ্রামবাসীদের সঙ্গে বিজিবির সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৩২) মাটিলা গ্রামের মালেক চৌধুরির ছেলে।
জানা গেছে, শনিবার রাত সাতটার দিকে কয়েকজন চোরাচালানী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসে। সীমান্তবর্তী ওই বাজারে পৌঁছালে মাটিলা ক্যাম্পের টলরত বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাচালানীদের পক্ষ নিয়ে আশপাশের লোকজন বিজিবির উপর হামলা চালায়। তারা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বিজিবির নায়েক আব্দুর রশিদ আহত হন। এ সময় বিজিবি পাঁচ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে রফিকুল নিহত হন।
যশোর বিজিবির ২৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন একজন নিহতের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আর কেউ আহত বা গুলিবিদ্ধ হয়েছে কিনা আমি বলতে পারছি না।’
তিনি জানান, আশপাশের লোকজন অন্যত্র সরে গেছে। থমথমে অবস্থা বিরাজ করছে।
মাটিলা গ্রামের ছাত্র সৌরভ তরফদার বলেন, ‘বিজিবির সঙ্গে গ্রামবাসীদের কোনো সংঘর্ষ হয়নি। একজন একটি গরু ভারত থেকে এনে মাটিলা বাজারে পৌঁছে। এ সময় বিজিবি সেখানে পৌঁছে ‘তোমরা কেন খবর দাও না’বলেই পিটাতে থাকে। গ্রামবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানাতে ক্যাম্পের সামনে গেলে বিজিবি গুলি বর্ষণ করে।’
স্থানীয়রা জানায়, আহত তিনজন মাটিলা গ্রামের রবি, ফিরোজ ও বাবলু।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
