বৈশ্বিক স্মার্টফোনের বাজারে আধিপত্য বাড়াতে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধার ডিভাইস আনছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মোবাইল ডিভাইস কোন প্রতিষ্ঠান কতো বেশি সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর করে তুলতে পারে এ যেন তারই প্রতিযোগিতা।
আর এ প্রতিযোগিতায় স্যামসাং ও অ্যাপলের পাশাপাশি আধিপত্য বাড়াতে কাজ করছে চীন ও তাইওয়ানভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় এবার আসুস উন্মোচন করেছে ১২৮ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধার স্মার্টফোন জেনফোন টু ডিলাক্স স্পেশাল সংস্করণ। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম খবরে প্রকাশ, আসুসের জেনফোন টু ডিলাক্স স্পেশাল সংস্করণটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে। এতে ইন্টেল অ্যাটম জেড৩৫৯০ প্রসেসরও আপগ্রেড করা যাবে।
জেনফোন টুর এ স্পেশাল সংস্করণ প্রাথমিকভাবে ব্রাজিলে উন্মুক্ত করা হয়েছে। তবে ডিভাইসটি অন্যান্য দেশে কবে থেকে পাওয়া যাবে এবং এর দাম কেমন হবে -এসব নিয়ে কোনো তথ্য মেলেনি সংবাদ মাধ্যমগুলোতে।
বিশ্লেষকদের মতে, বর্তমান তথ্যপ্রযুক্তির এ যুগে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নানামুখী পদক্ষেপ নিয়েও গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ক্রমান্বয়ে বেড়েই চলেছে তথ্য হাতিয়ে নেয়ার মতো ঘটনা। অনেক সময় মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেমভিত্তিক নিরাপত্তা দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে গ্রাহক তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। সাইবার হামলা থেকে রেহাই পাচ্ছে না ক্লাউডভিত্তিক স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও। এক্ষেত্রে ডিভাইসেই বড় পরিসরে তথ্য সংরক্ষণের সুবিধা একটি ভালো উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। এছাড়া স্যামসাং ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোও এখন তাদের উচ্চপ্রযুক্তির ডিভাইস থেকে মাইক্রো এসডি কার্ডের ব্যবহার বন্ধ করে দিচ্ছে।
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমভিত্তিক আসুসের নতুন ডিভাইসটিতে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এতে ৪ গিগাবাইট র্যামের পাশাপাশি ২ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর ইন্টেল অ্যাটম জেড৩৫৮০ প্রসেসর রয়েছে। এছাড়া ১৩ মেগাপিক্সেল (এমপি) ব্যাক ক্যামেরার পাশাপাশি ডিভাইসটিতে ৫ এমপি’র সম্মুখ ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটির দাম নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটি বাজেট দামেই পাওয়া যাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
