বাজারের শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজের জায়গাটা করে নিয়েছে হুয়াওয়ে। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দেওয়ার জন্যই মূলত এটা সম্ভব হয়েছে।
বিপুল গ্রাহক চাহিদার কারণে কিছু দিন পর পর নতুন নতুন স্মার্টফোন এনে বাজার মাতিয়ে রেখেছে চীনের এই প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ‘হুয়াওয়ে অনর হলি টু প্লাস’ নামের একটি সাশ্রয়ী স্মার্টফোন আনে প্রতিষ্ঠানটি। ডিভাইসটি এবার আসছে বিকাশমান স্মার্টফোন বাজারে। শুরুতে ভারতের বাজারে উন্মোচন করা হয়েছে ডুয়াল সিম সমর্থিত হ্যান্ডসেটটি।
হুয়াওয়ের অনর হলি স্মার্টফোনটি তেমন সাড়া জাগাতে পারেনি। এর ব্যাটারি ব্যাকআপ ছিল অত্যন্ত কম এবং বৈশিষ্ট্যসমূহও খুব একটা ভাল ছিল না। সেই ফোনেরই আপগ্রেডেড ভার্সন হল অনর হলি টু প্লাস। এতে অনর হলি’র সকল ঘাটতি পুষিয়ে দেয়া হয়েছে।
ঝকঝকে ডিসপ্লের ফোনটির ফিচার অত্যন্ত ভাল এবং এটি ভালো মতোন টেক্কা দেবে শাওমি ও মটো জি থ্রি’কে, এমনটাই দাবী হুয়াওয়ে ইন্ডিয়ার।
এতে আছে ৫ ইঞ্চি এইচডি, ১২৮০x৭২০ আইপিএস এলসিডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়ালকর প্রসেসর, মিডিয়াটেক এমটি৬৭৩৫ চিপসেট, ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারন্যাল মেমরি, মাইক্রো এসডি কার্ড কমপ্যাটিবিলিটি, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভার্সন, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস সমর্থন সুবিধা।
ভারতের বাজারে ডিভাইসটির দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯ হাজার ৮৯৯ টাকা।
