সম্পদের হিসাব জমা না দেয়ার সংক্রান্ত মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মানদ বানুর আবেদনের শুনানি রবিবার শেষ হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেবে।
এর আগে আবেদনের পক্ষে অ্যাডভোকেট এজে মোহম্মদ আলী, ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন এবং দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।
বর্তমান সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পত্তির হিসাব চেয়ে তারেক রহমানের শাশুড়িকে নোটিশ দেয়। কিন্তু সম্পদের হিসাব না দেয়ায় মামলা দায়ের করা হয়। ঐ মামলা বাতিল চেয়ে ফৌজদারি ৫৬১ (ক) ধারায় আবেদন করেন তিনি।
প্রসঙ্গত, ইতোমধ্যে এই মামলায় সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।
