দ্বিতীয় দফা নোটিশেও সম্পদের বিবরণী দাখিল না করায় সোনালী ব্যাংকের প্রধান শাখার মহাব্যবস্থাপক (বরখাস্ত) ননী গোপাল নাথের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হল-মার্ক কেলেঙ্কারির অভিযোগপত্রভুক্ত আসামি ননীর বিরুদ্ধে রবিবার রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মুজিবুর রহমান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে হল-মার্কের মামলায় অভিযোগপত্রে নাম আসার পর সাময়িক বরখাস্ত করা হয়েছিল ননী গোপালকে।
দুদক কর্মকর্তারা জানান, দুইবার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়ার পরও তিনি সাড়া না দেয়ায় মামলার অনুমোদন দেয় কমিশন।
