আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মুক্তিযুদ্ধ অবমাননা জন্য নতুন একটি আইন প্রণয়ণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
রবিবার সংসদে সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য প্রদানকারীদের শাস্তির আওতায় আনার জন্য আইন প্রণয়নের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এখনো এ বিষয়ে আইনের খসড়া প্রস্তুত হয়নি। শিগগিরই এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি করা হবে।
সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি অপরাধের বিচার নির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত। আগুন সন্ত্রাসের মাধ্যমে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিচারে সরকার বদ্ধপরিকর। এ ধরনের অপরাধের বিচারকার্য দ্রুত শেষ করা হবে- এমন আশা করা যায়।’
সরকারি দলের সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এজন্য বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দলমত নির্বিশেষে সবাইকে আইনর শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। দারিদ্র্য ও অসহায় জনগোষ্ঠীকে আইনি সহায়তা দেয়ার জন্য ৬৪টি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে।
