‘অনুরোধের ঢেঁকি গিলতে নাটক করতে হয়’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৩০

ঢাকাই চলচ্চিত্রে পথচলার সময়টা অনেকদিনের চিত্রনায়িকা মৌসুমীর। ‘চিত্রনায়িকা’ তকমার সাথে যুক্ত হয়েছে পরিচালক ও প্রযোজক তকমাও। দীর্ঘ এই চলার পথে কখনও খানিকটা বিশ্রাম বা কাজের পরিমাণ কমিয়ে দেওয়ার গল্প ছিল, কিন্তু থেমে যাননি কখনও। এখনও মৌসুমী মানেই দর্শকদের জন্য ভিন্ন এক চমক। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করছেন তিনি।

 
এই নিয়ে চলছে অনেক প্রশ্ন। তবে কী চলচ্চিত্র থেকে দূরে সরে বোকাবাক্স বন্দি হতে যাচ্ছেন মৌসুমী? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেন, ‘আমার মূল জায়গা চলচ্চিত্র। অনুরোধের ঢেঁকি গিলতে নাটক করতে হয়। নাটক করা আমার পেশা না।’ মৌসুমীর মুক্তি প্রতিক্ষিত দু’টি চলচ্চিত্র রয়েছে, দিলশাদুল হক শিমুল পরিচালিত ‘লিডার’ ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’।
 

মৌসুমী চলচ্চিত্রে নিয়মিত হলেও কাজের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মৌসুমী এ প্রসঙ্গে বলেন, ‘বাণিজ্যিক চলচ্চিত্রের মতো চলচ্চিত্র করতে চাই। এখন সংখ্যায় অনেক কাজ করার মতো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। আমাদের সৌখিন প্রযোজক ও পরিচালক এখন অনেক। তাই পেশাদারিত্বের জায়গাটার খুব অভাবের কারণে খুব বেশি চলচ্চিত্রে কাজ করাও সম্ভব নয়।’