দীর্ঘদিন ঢালিউডের নির্ভরযোগ্য নায়ক ছিলেন শাকিব খান। এর মাঝে ছোটপর্দা ও সরাসরি অনেকে চলচ্চিত্রে এলেও দর্শকদের হলমুখী করা ক্ষেত্রে তেমন কারও নামই উল্লেখ করার মতো নেই। তবে সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন আরিফিন শুভ। ‘চিত্রনায়ক’ তকমাটি এখন বেশ শক্তভাবে জড়িয়ে গেছে তার নামের সাথে। দর্শক থেকে শুরু করে পরিচালক ও প্রযোজকের তার ছবিতে লগ্নি করতে এখন দ্বিতীয়বার খুব একটা ভাবতে হয় না।
সেই জায়গাটি আরিফিন শুভ সাফল্যের সাথেই করে নিয়েছেন। তবে এর মাঝে অভিনয় নিয়ে সমালোচনার তোপে পড়তে হয়েছে শুভকে। সেই অভিযোগের জায়গাগুলোও ধীরে ধীরে ঘুচে যাচ্ছে। গতবছর ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের পর এখন তার সাফল্যের জায়গাটা অনেকটা পরিষ্কার। বছরজুড়েই এখন মুক্তি পাচ্ছে তার চলচ্চিত্র। এ বছরে প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘মুসাফির’ চলচ্চিত্রটি। আগামী মার্চে চলচ্চিত্রটির মুক্তি খবর এরইমধ্যে গণমাধ্যমে এসেছে।
শুরু থেকেই এই চলচ্চিত্রটি নিয়ে আলোচনায় ছিলেন শুভ। হাতে আছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের কাজ করছেন বর্তমানে। অন্যদিকে, আবারও মাহীর সাথে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নতুন এই চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শুভ ও মাহী। চলচ্চিত্রের এখনকার অবস্থা প্রসঙ্গে শুভ বলেন, ‘চলচ্চিত্রের অবস্থা এখন ভালো। এটা শুধু বলার জন্য বলা না, সার্বিক দিক বিবেচনা করলে যে কেউ আমার সাথে একমত হবেন। সারাবছর চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। হ্যাঁ, গল্প ও অন্যান্য বিষয়ে সমালোচনা রয়েছে। কিন্তু আজকে যে নির্মাতা দুর্বল একটি চলচ্চিত্র নির্মাণ করছেন, তিনি একসময় ভালো একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। সেই সময়টার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’ ইন্ডাস্ট্রিতে কাউকে প্রতিযোগি মনে করার অস্বাভাবিক কিছু না। অনেকেই প্রতিযোগিতা করে টিকে থাকতে চান।
শুভ এ প্রসঙ্গে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখন প্রতিযোগিতার সময় না। হ্যাঁ, ভালো কাজের প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু একসাথে একঝাঁক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে বসে থেকে বলবো আমি এতোগুলো চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি, কিন্তু সেগুলো শেষ করতে করতে আমার বছরের পর বছর যায়। এমন প্রতিযোগিতায় আমি পড়তে চাই না। আমাদের এখন সম্ভাবনাময় একটি সময় যাচ্ছে। আমরা সংশ্লিষ্টরা সবাই চেষ্টা করছি ভালো কিছু করার জন্য।’
