এসএসসি ও সমমানের পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী। তত্ত্বীয় পরীক্ষা ৮ মার্চ শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ শুরু হয়ে ১৪ মার্চ শেষ হবে।
এবার এসএসসি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/ রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের বিরতি থাকবে। এবারের পরীক্ষায় বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর হতে গণিত ও উচ্চতর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর হতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা নামে একটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে এবং সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গত বছরের তুলনায় বিজ্ঞানে এবার ৫৬ হাজার ২৮৬ পরীক্ষার্থী বেড়েছে। মোট পরীক্ষার্থী বেড়েছে পৌনে দুই লাখ। বিদেশে আটটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০৪ জন।
