প্রিয়াংকা চোপড়া, টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র বদৌলতে এখন বিশ্বজোড়া এক নাম। ক’দিন আগেই পদ্মশ্রী সম্মানে ভূষিতা হয়েছেন এই নায়িকা। তবে নিজের ‘সাধারণ মেয়ে’ ভাবমূর্তিকে একটুও টাল খাওয়াতে যে রাজি নন, সে কথাও নানাভাবে জানিয়েছেন তিনি। কিন্তু খ্যাতি আর ইচ্ছের দোলাচলকে নিয়ে খেলা করতে জানেন এই বলিউড তারকা। সে কথা বোঝাতেই বুঝি ২২তম স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ড এর অনুষ্ঠানে সকলকে স্তম্ভিত করে দিয়ে এক আশ্চর্য ‘মারমেড-গাউন’ -এ নিজেকে উপস্থাপন করলেন।
নানা সাজেই সেজে থাকেন নায়িকারা। এর মধ্যে সাজটা ব্যতিক্রমী হলে তা নজর কাড়ে সবার। এই সূত্র মেনে স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডে মাছ-মেয়ের সাজে উপস্থিত হয়ে নজর কাড়লেন প্রিয়াংকা।
এই মুহূর্তে যে অবস্থানে রয়েছেন ‘বাজিরাও’ প্রেয়সী, তাতে এই ‘মারমেড ইমেজ’ কেমন প্রতীকী হয়ে দেখা দিল। মানুষের সংসারে তিনি যেন থেকেও থাকছেন না। তিনি যেন পাবলো নেরুদার ‘টোয়েন্টি পোয়েমস অফ লাভ’ এর পাতা থেকে উঠে আসা মৎস্যকন্যা, যাকে চিনতে পারেনি পানশালা’র লোকজন। কে জানে, এর পিছনে কোন দ্যোতনা কাজ করেছে? নাকি এই মাছমেয়ের রূপটি এক্কেবারেই ক্যাজুয়াল— কোনও ভাবনাই নেই এর পিছনে?
