ভারতের অন্ধ্র প্রদেশে কোটার দাবিতে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৯
ভারতের অন্ধ্র প্রদেশে চাকরি ও শিক্ষায় আরো বেশি সম্প্রদায়গত কোটার দাবিতে পুলিশের সঙ্গে কাপু সম্প্রদায়ের মানুষদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন পুলিশ আহত হয়েছে।
 
বিক্ষোভকারীরা রেলওয়ে বগি, পুলিশ স্টেশন ও অনেকগুলো গাড়িতে আগুন লাগিয়েছে। এছাড়া সড়কপথ ও রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারা। বিবিসি জানিয়েছে, রবিবার বিক্ষোভ বন্ধের ঘোষণা দিয়েছে। 
 
সংঘর্ষের সূত্রপাত হয়, কাপু সম্প্রদায়ের করা সভা থেকে। সভায় অন্ধ্র প্রদেশের ক্ষমতাসীন তেলেগু দেশাম পার্টির বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা সরকারি চাকরিতে কাপু সম্প্রদায়ের প্রবেশাধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। অন্ধ্র প্রদেশের মোট জনসংখ্যার ২৬ শতাংশ কাপু সম্প্রদায়ের যারা সংখ্যা প্রায় ৫০ লক্ষ। 
 
ভারত ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে বর্ণপ্রথা নিষিদ্ধ করে। তবে দেশটিতে এখনো দলিত সম্প্রদায় এত বেশি বৈষম্যের শিকার যে সরকারিভাবে এখনো দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চাকরিতে সমতা নিয়ে আসতে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর জন্য কোটা সংরক্ষণ করা হয়। বিবিসি।