দুদকের মামলায়ও জামিন পাননি এ্যানী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৮
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
 
সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী তাপস কুমার পাল জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার এ্যানী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক নয়টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
২০১৪ সালের ৯ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে গত বছরের ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
 
অভিযোগপত্রে বলা হয়, দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে শহীদ উদ্দিন চৌধুরী ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তদন্তে এককোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে।