আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি তার পাঁচবছর বয়সী ভক্ত মুর্তাজা আহমাদির সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন। আফগানিস্তানের ফুটবল ফেডারেশন সোমবার এই কথা জানিয়েছে।
বার্সেলোনা ও আর্জেন্টিনার ফুটবলার পাঁচবার ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা মেসির ভক্তর সংখ্যা অগণিত। তবে পাঁচ বছর বয়সী আফগান শিশু মুর্তাজা আহমাদি তাদের মধ্যে বিশেষ একজনের মর্যাদা পেয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ঘাজনি প্রদেশের বাসিন্দা এই শিশু দারিদ্র্যের কারণে একটি জার্সি কেনা সম্ভব নয় তার পক্ষে। কিন্তু মেসি অন্তঃপ্রাণ এই শিশুকে তার ১৫ বছর বয়সী বড় ভাই সাদা ও নীল ডোরাকাটা পলিথিন দিয়ে জার্সি বানিয়ে দেয়। সেই জার্সি পরিহিত শিশুর ছবি অনলাইনে ভাইরাল হওয়ার পরে মেসির নজরে আসে বিষয়টি।
মেসির বাবা হোর্হে মেসি এই বিষয়টি শনিবার নিশ্চিত করেন এবং জানান এই বিষয়ে কিছু করতে চান। ইতিমধ্যে এই শিশুর সঙ্গে দেখা করতে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন মেসি। সোমবার আফগান ফুটবল ফেডারেশনের মুখপাত্র সায়েদ আলি কাজেমি বলেন, মেসি এই শিশুটির সঙ্গে দেখা করতে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা এখন বিবেচনা করে দেখছি মেসি আফগানিস্তানে আসবে না পাঁচবছর বয়সী এই শিশুটিকে স্পেন বা অন্য কোনো তৃতীয় দেশে নিয়ে যাওয়া হবে।
জঙ্গিবাদে অস্থিতিশীল আফগানিস্তানে হয়তো মেসির যাওয়াটা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে শিশুটির স্পেনে যাওয়ার সম্ভাবনাই বেশি। কাবুলের স্প্যানিশ দূতাবাস জানিয়েছে তারা মেসির সঙ্গে মুর্তাজার সাক্ষাত করিয়ে দিতে সম্ভব সবকিছু করবে। এএফপি।
