১৯৯৬ সালে চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার একটি টেক্সটাইল কারখানার টয়লেটে এক নারী ধর্ষণের পর খুন হন। এই ঘটনায় ১৮ বছর বয়সী হুগজিলতকে দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেয় আদালত। ওই বছরের শেষ দিকে তার দণ্ড কার্যকর করা হয়। এরপর ২০০৫ সালে বহু ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি ওই ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে। বিচারে ঝাও ঝিহং নামের এই অপরাধীর প্রাণদণ্ড হয় এবং তা কার্যকর করা হয়। এরপরে পুনর্বিচারে ২০১৪ সালে হুগজিলতকে নির্দোষ ঘোষণা করে আদালত এবং তার অভিভাবককে ক্ষতিপূরণ দেয়া হয়। এবার হুগজিলতের ভুল বিচারের সঙ্গে জড়িত ২৭ কর্মকর্তাকেও শাস্তি দেয়া হল। সিনহুয়ায় প্রকাশিত বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, “হুগজিলতের ভুল বিচারের জন্য দায়ী কালো তালিকাভুক্ত অন্যতম কর্মকর্তা ফেং ঝিমিং চাকরিরত অবস্থায় আরো অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে এবং তার বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে।” অপর ২৬ জনকে ‘প্রশাসনিক শাস্তি’ দেয়া হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
