‘অস্তিত্বর’গানের অ্যালবাম নিয়ে শুভ-তিশা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২
অনন্য মামুন পরিচালিত শুভ ও তিশা অভিনীত প্রথম চলচ্চিত্র অস্তিত্ব। এ সিনেমার ‘আয়না বলনা’, ও ‘আমি বাংলার হিরো’, শিরোনামের দুটি গান কিছুদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়। এ গান দুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার প্রকাশিত হলো এ সিনেমার সব গান নিয়ে অডিও অ্যালবাম।
 
রবিবার রাজধানী গুলশানের একটি রেস্তোরায় এ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- এ চলচ্চিত্রের চিত্রনায়ক আরিফিন শুভ ও নায়িকা তিশা, গীতিকার কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী দম্পতি, সংগীতশিল্পী ইবরার টিপু, লেমিস প্রমুখ।
 
সম্প্রতি এ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন নির্মাতা মামুন। এখন চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষার আছে। গত বছর সেপ্টেম্বরে শুরু হয় অস্তিত্ব সিনেমার শুটিং।
 
‘আয়না বলনা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নন্দিতা ও তাহসিন। কথা জাহিদ আকবর। সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ‘আমি বাংলার হিরো’শিরোনামের গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। প্রীতমের সঙ্গে যৌথভাবে গেয়েছেন লেমিস। গানের কথা লিখেছেন মেহেদি হাসান লিমন ও আরজিন কামাল।
শুভ-তিশা ছাড়া আরো অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ। ‘অস্তিত্ব’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন- কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি।