খুনের আসামিকে মুক্তি দিলেন ফরাসী প্রেসিডেন্ট

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৮
১০ বছরের সাজাপ্রাপ্ত এক খুনের আসামিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। ৬৮ বছর বয়সী ওই নারী তার স্বামীকে খুন করেছিলেন।
 
তবে জ্যাকুলিন সভেজ নামের এই নারীকে মুক্তি দেয়ার জন্য একটি পিটিশনে স্বাক্ষর করেছেন চার লাখ মানুষ। কারণ তার স্বামী ছিলেন একজন মদ্যপ। বিগত ৪৭ বছর ধরে তিনি জ্যাকুলিনের উপর নানা অত্যাচার করে আসছিলেন। শুধু তাই নয় নিজ কন্যাকে ধর্ষণও করে এই ব্যক্তি।
 
অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি তার ছেলেও। পরে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সেই ছেলে।
২০১২ সালের ১০ সেপ্টেম্বর তার ছেলে আত্মহত্যা করার পর স্বামীকে গুলি করেন জ্যাকুলিন। 
 
তার সবকিছু বিবেচনা করেই তার ব্যাপারে প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনা করে ফরাসীরা। শেষ পর্যন্ত তার বাকি সাজা মওকুফ করলেন ওলাদ। তার আইনজীবীরা জানান, চলতি বছর এপ্রিলের দিকেই জেল থেকে ছাড়া পাবেন তিনি।
 
জ্যাকুলিনের এক মেয়ে বলেন, আমাদের বাবা মারা যাওয়াতে আমরা সত্যিই শান্তি পেয়েছি।বিবিসি